দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ১০টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শাহবাজের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত শাহবাজ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবার নাম নাজির আহমেদ। তাঁর স্থায়ী ঠিকানা পাকিস্তানের মুলতান জেলার জালালপুরে। পুলিশের প্রাথমিক অনুমান, শাহবাজ আত্মহত্যা করেছেন। বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয় কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি। ফলে পাওনাদাররা টাকার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করছিলেন। পাশাপাশি কয়েক মাস আগে তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে পাকিস্তানে চলে যান।
পুলিশ জানায়, দক্ষিণ বনশ্রীর ওই বাসার নিরাপত্তাকর্মীর কাছ থেকে সংবাদ পেয়ে সকাল সাড়ে আটটার দিকে তারা ঘটনাস্থলে যায়। ভেতর থেকে দরজা আটকানো থাকায় সেটি ভেঙে শাহবাজের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।