ডেইলি বাংলাগ্রাম

সবাইকে নিয়ে ঐক্য গড়তে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র: প্রধানমন্ত্রী

সব নাগরিককে সাথে নিয়ে সরকার জাতীয় ঐক্য গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবাইকে নিয়ে ঐক্য গড়তে চায় সরকার, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র: প্রধানমন্ত্রী

সব নাগরিককে সাথে নিয়ে সরকার জাতীয় ঐক্য গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের এই অগ্রযাত্রার সময়ে একটি বিশেষ মহল নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নবমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন কিংবা ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান—সবক্ষেত্রেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। দেশকে স্বৈরাচারমুক্ত করতেও সব শ্রেণি-পেশা ও বিশ্বাসের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। তিনি উল্লেখ করেন, আবহমানকাল ধরে বাংলাদেশ সম্প্রীতির মেলবন্ধনে এগিয়ে চলেছে। কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এই পারস্পরিক ঐক্য বজায় রাখা জরুরি।

এ সময় রংপুরের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, রংপুর মহানগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দুই সপ্তাহ আগে একটি সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ ও স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন মেটানো হবে। চাহিদা অনুযায়ী সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় অবকাঠামো ক্রমান্বয়ে গড়ে তোলা হবে বলে তিনি জানান।