ডেইলি বাংলাগ্রাম

ঢাকার দুই সিটিতে ১১২ ওয়ার্ডে জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্ধারণ

নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকার দুই সিটিতে ১১২ ওয়ার্ডে জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী নির্ধারণ

নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সিটির মোট ১২৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নাম অভ্যন্তরীণভাবে নির্ধারণ করেছে দলটি। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টি এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে এখনও প্রার্থী বাছাই চলছে। দলের গ্রিন সিগন্যাল পেয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার ও নানা সামাজিক কর্মকাণ্ড শুরু করেছেন।

কাউন্সিলর পদের পাশাপাশি দুই সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থীও ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে দলের মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তাঁদের পরিচয় করিয়ে দেন। এছাড়া উত্তরের ৯, ১০, ১২, ৩৫, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নম্বর এবং দক্ষিণের ৮, ১৫, ৪০, ৪৩, ৪৫ ও ৬৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী যাচাই-বাছাই চলছে। নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাঁচ ধাপের সূচি ঘোষণা করলেও সিটি নির্বাচনের কোনো তারিখ এখনও জানায়নি। ঘোষিত সূচি অনুযায়ী ইউপিতে আগামী বছরের ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে ভোট হবে।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা নিজ এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে ভোটারদের সঙ্গে কুশলবিনিময়, চিকিৎসা ক্যাম্প ও মশকনিধনের মতো কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ডে নোমান আহমদী এবং দক্ষিণের ১৯ নম্বর ওয়ার্ডে আবদুস সাত্তার সুমন মাঠে সক্রিয় রয়েছেন। তবে দলের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত জানিয়েছেন, এই তালিকা চূড়ান্ত নয় এবং প্রয়োজনে প্রার্থী পরিবর্তন হতে পারে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে মেয়র এবং মহানগর শাখা থেকে কাউন্সিলর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।