দেবী দুর্গাকে নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যার দাবি ওলামা অ্যালায়েন্সের
দেবী দুর্গাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
দেবী দুর্গাকে কেন্দ্র করে দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সোমবার পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র মুফতি রফিকুল ইসলাম আইনী এই দাবি তোলেন। পৃথিবীতে অন্যায় নেমে আসার প্রেক্ষাপটে দেবী দুর্গার আবির্ভাব সংক্রান্ত রাষ্ট্রপতির বক্তব্যটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সংগঠনটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এমন বক্তব্য সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র রক্ষক ও পালনকর্তা। অন্য কাউকে ত্রাণকর্তা বানানো ইসলামের মূল বিশ্বাসের পরিপন্থী। সব ধর্মের প্রতি শ্রদ্ধা বজায় রাখলেও রাষ্ট্রের শীর্ষ পদে থাকা ব্যক্তির এ ধরনের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও জানায়, রাষ্ট্রপতি সবার অভিভাবক হওয়ায় তার বক্তব্যে জনগণের অনুভূতির প্রতিফলন থাকা জরুরি। ধর্মীয় সম্প্রীতির অজুহাতে বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ব্যাখ্যা না দিলে ধর্মপ্রাণ জনতাকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর হুঁশিয়ারিও দেওয়া হয়।