ডেইলি বাংলাগ্রাম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রিয়াদের ব্যাখ্যা চায় ঢাকা, মরদেহ ফেরাতে বিলম্ব

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রিয়াদের ব্যাখ্যা চায় ঢাকা, মরদেহ ফেরাতে বিলম্ব

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার কারণে আকাশপথে সরাসরি যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফলে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিহত দুই বাংলাদেশির একজনের বাড়ি বগুড়া এবং অন্যজনের বাড়ি কুমিল্লায়। তাঁদের মধ্যে একজন সৌদি আরবে অভিবাসী শ্রমিক ছিলেন এবং অপরজন ওমরাহ পালনের জন্য সেখানে গিয়েছিলেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মক্কার একটি মসজিদের ভেতর অনৈতিক কাজের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মসজিদের পবিত্রতা রক্ষা এবং অপরাধের মাত্রা বিবেচনায় এনে দেশটির আদালত এই রায় কার্যকর করেছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনাটি নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। তিনি সেখানে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। বৈঠকে যেকোনো দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে। তবে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না বলে ঢাকা প্রত্যাশা ব্যক্ত করেছে।