প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের, অস্ত্র বিতর্কে দুঃখ প্রকাশ
মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র হাতে রাখা নিয়ে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন।
মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র হাতে রাখা নিয়ে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সেখানে তিনি দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই সেদিন তিনি নিজের লাইসেন্স করা অস্ত্র হাতে নিয়েছিলেন। এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন, তবে নিজের কোনো ভুল ছিল না বলেও দাবি করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলন উপলক্ষে বেলা পৌনে দুইটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে প্রেস ক্লাবের আবদুস সালাম হলে উপস্থিত হন ইশরাক। এ সময় তাঁর সমর্থকেরা নানা ধরনের স্লোগান দেন। পরে বেলা দুইটায় সংবাদ সম্মেলন শুরু হয়। অস্ত্র প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, কেবল ব্যক্তিগত নিরাপত্তার কারণেই তিনি সাময়িকভাবে অস্ত্রটি হাতে রেখেছিলেন। পরবর্তীতে তা আর প্রকাশ্যে আনা হয়নি।
ইশরাক হোসেন জানান, প্রতিমন্ত্রীর পদ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন। প্রশাসনিক দায়িত্ব ছাড়লেও ঢাকা-৬ আসন এবং এর পার্শ্ববর্তী এলাকার মাদক নির্মূলসহ নাগরিকদের বিভিন্ন সংকট সমাধানে তিনি সরাসরি কাজ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।