প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুরে পাঁচ দিনেই সড়ক সংস্কার, স্থায়িত্ব নিয়ে শঙ্কা
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক মাত্র পাঁচ দিনে মেরামত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর উপলক্ষে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক মাত্র পাঁচ দিনে মেরামত করা হয়েছে। ডিসির মোড় থেকে লালকুঠির মোড় পর্যন্ত প্রায় ১ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের এই সড়কের সংস্কারকাজ গত ৯ মাস ধরে থমকে ছিল। মঙ্গলবার প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ১৫ অক্টোবর থেকে দিনরাত কাজ চালিয়ে সোমবার সড়কটি চলাচলের উপযুক্ত করা হয়।
স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী, গত জানুয়ারিতে সংস্কারকাজ শুরু হয়েছিল। পরে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ বন্ধ রাখা হয়। এতে দীর্ঘ সময় পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। তবে প্রধানমন্ত্রীর সফরের কারণে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করায় রাস্তার কোথাও কোথাও উঁচু–নিচু হয়ে আছে। ফলে দ্রুত সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৯ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পে সড়ক মেরামতের পাশাপাশি নালা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
কাজে দেরির বিষয়ে ঠিকাদার খায়রুল কবির জানান, সড়ক বিভাজকের সিদ্ধান্ত ও বর্ষার কারণেই সময় বেশি লেগেছিল। তবে সিটি করপোরেশনের নির্দেশনায় দ্রুত শেষ করা হলেও কাজের মান ঠিক আছে বলে তিনি দাবি করেন। রংপুর সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সফরের কারণে তা দ্রুত শেষ করতে বলা হয়। তিনি আরও জানান, কাজের মানে কোনো ত্রুটি থাকলে সিটি করপোরেশন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।