ইশরাকের মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন: তদন্তে পুলিশ
রাজধানীর গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় সংসদ সদস্য ইশরাক হোসেন ও তার সঙ্গীদের অস্ত্র প্রদর্শনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
রাজধানীর গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় সংসদ সদস্য ইশরাক হোসেন ও তার সঙ্গীদের অস্ত্র প্রদর্শনের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গত ১৭ অক্টোবর শনিবার ঘুণ্টিঘর এলাকায় ওই অভিযান চালানো হয়। সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এবং ব্যবহৃত অস্ত্রের বৈধতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় ওয়ারী থানা পুলিশ একটি প্রতিবেদন তৈরি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে পাঠিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই অভিযানে প্রায় সবার কাছেই ছোট আকারের অস্ত্র ছিল বলে তথ্য রয়েছে। ভিডিও ফুটেজে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল শিকদারের হাতে একটি শটগান দেখা যায়। এ ছাড়া অভিযানে ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক মামুন, সেন্টু ওরফে ‘পেট্রোভেরা’, স্থানীয় যুবদল নেতা সোয়েব ও জোয়েব এবং স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনের উপস্থিতির তথ্য উঠে এসেছে। লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো যায় কি না এবং লাইসেন্স বাতিলের কোনো সুযোগ রয়েছে কি না, তা নিয়ে পুলিশে আলোচনা চলছে।
অভিযানের বিষয়ে ইশরাক হোসেন দাবি করেন, তার নামে পয়েন্ট থ্রি-টু বোরের একটি পিস্তল ও একটি রাইফেলের বৈধ অনুমোদন রয়েছে। স্থানীয় পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে তিনি আইন মেনেই অস্ত্র দুটি সঙ্গে নেন এবং একটি অস্ত্র এক সহকর্মীর দায়িত্বে রাখেন। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম ও উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, পুরো ঘটনাটির তদন্ত চলছে। তদন্তের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।