সরকারের নির্দেশে আট মাসে পদ ছাড়লেন তিন মন্ত্রী ও এক এমপি
দায়িত্ব নেওয়ার আট মাসের মধ্যে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পদ ছাড়তে হয়েছে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং এক সংসদ সদস্যকে।
দায়িত্ব নেওয়ার আট মাসের মধ্যে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে পদ ছাড়তে হয়েছে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং এক সংসদ সদস্যকে। এদের মধ্যে সর্বশেষ আজ সোমবার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা তৈরি হয়। এর জেরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
ইশরাক হোসেনের আগে মন্ত্রিসভার আরও দুই সদস্য দায়িত্ব ছাড়েন। শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে দায়িত্ব নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় গত ১ জুন পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তবে দলীয় মতপার্থক্যসহ নানা কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে আলোচনা ছিল। এরপর গত ২২ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েন জহির উদ্দিন স্বপন। ওই দিনই তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয় এবং তার আগের দিন নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আন্দালিভ রহমান পার্থ।
মন্ত্রীদের পাশাপাশি রাজধানীর মিরপুরের একটি চিকিৎসাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে পদ ছাড়েন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র দিলে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে। এসব বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, কেউ আইনের ঊর্ধ্বে নন এবং জনস্বার্থবিরোধী কাজে জড়ালে প্রধানমন্ত্রী যে কাউকেই ছাড় দেবেন না।