কিশোর গ্যাং রুখতে উপজেলায় ইউএনও ও ওসির নেতৃত্বে কমিটি
দেশব্যাপী কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে প্রতিটি উপজেলায় বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশব্যাপী কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে প্রতিটি উপজেলায় বিশেষ প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও এই কমিটিতে থাকবেন। সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, সংঘাত ও খুনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করলেও পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। সেই কারণে মাঠপর্যায়ে এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আওতা বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে দিকনির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়।
নতুন এই উদ্যোগের মাধ্যমে অপরাধে ঝুঁকিপূর্ণ কিশোরদের শনাক্ত করা এবং তাদের অপরাধ থেকে দূরে রাখতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দ্রুত আইনি পদক্ষেপ নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হবে। কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।