শিক্ষার সঙ্গে কর্মজীবনের যোগসূত্র বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র ও বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র ও বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসে চার দিনব্যাপী এক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, পড়াশোনা শেষ করে চাকরি, ব্যবসা বা মেধাভিত্তিক কাজে শিক্ষার্থীরা অনেক সময় তাঁদের অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারেন না। এ পরিস্থিতি বদলাতে উচ্চশিক্ষার মান বাড়ানো এবং জীবনের সঙ্গে শিক্ষার মেলবন্ধন তৈরি করা অত্যন্ত জরুরি।
উচ্চশিক্ষার সার্বিক রূপান্তরে ইউজিসির তৈরি করা কৌশলগত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, এই রূপান্তরের মূল চালিকাশক্তি শিক্ষকরা। তাই তাঁদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রাথমিকভাবে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় সংখ্যক মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে। দেশেই যেন শিক্ষকদের কার্যকর ও মানসম্মত প্রশিক্ষণ দেওয়া যায়, সেই টেকসই সক্ষমতা গড়ে তোলাই ইউজিসির মূল উদ্দেশ্য।
ইউজিসির ‘হিট’ প্রকল্পের অধীন ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) আয়োজন করা হয়। গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই নিবিড় প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর প্রতিনিধি বেন ব্রাবন এবং হিট প্রকল্পের বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম।