ডেইলি বাংলাগ্রাম

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা।

পদত্যাগের ঘোষণার পর প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। সোমবার (১৯ অক্টোবর) প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে তোপখানা রোডে এ কর্মসূচি শুরু হয়। এ সময় একটি খোলা জিপে সমর্থকদের বেষ্টনীর মধ্যে থেকে হাত উঁচিয়ে অভিবাদন জানান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। বিক্ষোভের কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, সাম্প্রতিক একটি মাদকবিরোধী অভিযান নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান তিনি। তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে এবং সঙ্গীদের গুলি করার হুমকি দিতে শোনা যায়। ওই সময় দেহরক্ষীদের একজনকে এক তরুণকে লাথি মারতে দেখা যায় এবং আটক ব্যক্তিরা নিজেদের নির্দোষ দাবি করেন। অভিযানে সরকারি দেহরক্ষীর পাশাপাশি ইশরাকের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী তোফাজ্জল হোসেন ও লাভলুও অস্ত্রসহ অংশ নেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।