ডাবের বাড়তি দাম নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর বাজারে ডাবের বাড়তি দাম তদারকি করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীর বাজারে ডাবের বাড়তি দাম তদারকি করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় পরিচালিত এই অভিযানে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এ অভিযানের নেতৃত্ব দেন। গ্রাম থেকে সংগ্রহ করা ৬০ থেকে ১০০ টাকার ডাব রাজধানীতে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়ার কারণ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
নাজিরপুর, বরিশাল, লক্ষ্মীপুর ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ডাব সরবরাহ করা হয়। আড়তে আকারভেদে ছোট ডাব ৬০ টাকা, মাঝারি ১০০ টাকা এবং বড় ডাব ১৪০ টাকায় পাইকারি বিক্রি হতে দেখা যায়। পাশাপাশি প্রতি ১০০ টাকার লেনদেনে আড়তদাররা নেন ৬ টাকা কমিশন। এরপর বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা তা সাধারণ ক্রেতাদের কাছে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন।
চাহিদা বেশি থাকায় বিশেষ করে সাদেক খান কৃষি মার্কেট এবং কলেজ গেট সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের দোকানগুলোতে নজরদারি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের পাকা রসিদ সংরক্ষণ না করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং মূল্যতালিকা না টানানোর প্রমাণ পান কর্মকর্তারা। এসব অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।