চুয়েটের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট নিরসনে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে গত রোববার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ চিঠিতে স্বাক্ষর করেন। এতে ইউজিসির সদস্যদের নিয়ে কমিটি গঠন করে বিস্তারিত অনুসন্ধান ও নির্দিষ্ট সুপারিশ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনের মধ্যেই গত ১২ অক্টোবর সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম তালা ভেঙে নিজ দপ্তরে ঢোকেন। খবর পেয়ে আন্দোলনকারীরা উপাচার্য ভবন ঘিরে ফেলেন এবং দুপুরের পর ফটকে তালা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে উপাচার্যসহ ১১ জন সেখানে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে অসুস্থ হয়ে পড়লে উপাচার্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত বৃহস্পতিবার ফিরে তিনি পরদিন শুক্রবার নগরের সার্কিট হাউসে সিন্ডিকেট সভা আহ্বান করেন।