ডেইলি বাংলাগ্রাম

রান্নার সরঞ্জাম ও পায়ুপথে লুকানো ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রান্নার সরঞ্জাম ও পায়ুপথে লুকানো ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত রোববার রান্নার জিনিসপত্র এবং দুই যাত্রীর পায়ুপথ থেকে এসব স্বর্ণ ও স্বর্ণপেস্ট জব্দ করা হয়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালানটি ধরা পড়ে। সকাল সাতটায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে আসা যাত্রী কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় একটি ফ্রাইপ্যান ও সবজি কাটার গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার পাওয়া যায়। আগে ঘোষণা দেওয়া ১০০ গ্রামসহ তাঁর কাছ থেকে মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

একই দিন সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা অপর দুই যাত্রীকে আটক করা হয়। তল্লাশির পর যাত্রী মোহাম্মেদ সোলাইমান ও জোবায়েদ আহমেদের পায়ুপথ থেকে ডিম্বাকৃতির ছয়টি স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। ২ কেজি ৭৩৪ গ্রাম ওজনের এসব বস্তুর আনুমানিক দাম প্রায় ৪ কোটি টাকা। যথাযথ পরীক্ষার পর এতে থাকা খাঁটি স্বর্ণের প্রকৃত পরিমাণ ও চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।