ডেইলি বাংলাগ্রাম

পদত্যাগের পরও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও মাদক নির্মূলে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইশরাক হোসেন।

পদত্যাগের পরও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাকের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও মাদক নির্মূলে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পদ ছাড়ার পর কোনো জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং বিএনপির সাধারণ কর্মী হিসেবে আরও উদ্যম নিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করার কথা জানান তিনি। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি বাড়াতে বিভিন্ন জেলায় যাওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। তাঁর ব্যক্তিগত দেহরক্ষীদের হাতেও সে সময় অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা ভাঙা হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অভিযান প্রসঙ্গে ইশরাক দাবি করেছিলেন, স্থানীয় নেতা ও পুলিশের সহযোগিতায় একটি সামাজিক কর্মসূচির অংশ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার পর যাঁরা আনন্দ প্রকাশ করেছেন, ফেসবুক পোস্টে তাঁদের সমালোচনাও করেন তিনি। উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জেরে এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে মিষ্টির অনুসারীদের হামলার ঘটনার আড়াই সপ্তাহের ব্যবধানে এবার ইশরাককেও মন্ত্রিসভা ছাড়তে হলো।