রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, দায়ের হলো ৫৩ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫৩টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগের। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
বিভাগভিত্তিক হিসাবে গত এক দিনে তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৬৮ জন এবং ওয়ারী বিভাগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া লালবাগ বিভাগে ৪১ জন, রমনা বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৫ জন ও গুলশান বিভাগে ১৮ জন গ্রেপ্তার হন। একই সময়ে গোয়েন্দা বিভাগ সাতজন ও সিটিটিসি বিভাগ দুজনকে হেফাজতে নেয়।
অভিযানের সময় পুলিশ ৪ হাজার ৩৭৩টি ইয়াবা, ৫৬০ গ্রাম গাঁজা, ২০৪ বোতল ফেনসিডিল ও ৩ গ্রাম হেরোইন জব্দ করে। একই সঙ্গে ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১টি অটোরিকশা ও নগদ ১ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে এক ভুক্তভোগীকেও। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।