ডেইলি বাংলাগ্রাম

আওয়ামী লীগের সাবেক মনোনয়নপ্রত্যাশী বাবুল নোয়াখালী সদর দলিল লেখক সমিতির সভাপতি

নোয়াখালী সদর দলিল লেখক সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুদ্দিন বাবুল।

আওয়ামী লীগের সাবেক মনোনয়নপ্রত্যাশী বাবুল নোয়াখালী সদর দলিল লেখক সমিতির সভাপতি

নোয়াখালী সদর দলিল লেখক সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুদ্দিন বাবুল। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালাদরাপ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন এবং বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ নয় সদস্যের এই কমিটি অনুমোদন দেন। এতে সাধারণ সম্পাদক হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন নয়ন।

অনুমোদিত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুর রহিম, সহসভাপতি পদে জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ও কোষাধ্যক্ষ পদে আলা উদ্দিন দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন ও রাশেদ রানা। তবে বাবুলকে শীর্ষ পদে আনায় দলিল লেখকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে বাবুলের নানা কর্মকাণ্ডে সাধারণ লেখকদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল এবং তার সনদও বাতিল হয়। তাই পদটি পুনর্বিবেচনা করে জাতীয়তাবাদী আদর্শের কাউকে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন তারা।

এ বিষয়ে জেলা দলিল লেখক সমিতির সভাপতি সায়েম সোহান জানান, বাবুলের সভাপতি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি অবগত নন। পুরো বিষয়টি জেলা বিএনপির শীর্ষ নেতারাই ভালো জানেন। তবে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, বাবুল আগে সক্রিয়ভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসার প্রয়োজনে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অতীতে ঘটে যাওয়া বিষয়ে অনুশোচনা প্রকাশ করে তিনি আবারও বিএনপির হয়ে কাজ শুরু করায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।