ডেইলি বাংলাগ্রাম

১০ম গ্রেডসহ তিন দফা বাস্তবায়নে প্রাথমিকে সহকারী শিক্ষকদের আলটিমেটাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

১০ম গ্রেডসহ তিন দফা বাস্তবায়নে প্রাথমিকে সহকারী শিক্ষকদের আলটিমেটাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ বেলা তিনটায় এই কর্মসূচির আয়োজন করে।

শিক্ষকদের তিনটি দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যা সমাধান করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোনো দাবি পূরণ করা হয়নি। এতে সাধারণ শিক্ষকদের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।