ডেইলি বাংলাগ্রাম

ক্ষমতা চিরস্থায়ী নয়, সাংবাদিকদের হাত না বাঁধার আহ্বান নোয়াব সভাপতির

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব না করার আহ্বান জানিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

ক্ষমতা চিরস্থায়ী নয়, সাংবাদিকদের হাত না বাঁধার আহ্বান নোয়াব সভাপতির

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব না করার আহ্বান জানিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের হাত বেঁধে দেওয়া ঠিক হবে না। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ভবিষ্যতের কথা ভেবে আইন প্রণয়ন করা উচিত। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট ও মহিলা পরিষদসহ ১৯টি সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।

আলোচনায় মতিউর রহমান চৌধুরী বলেন, সাইবার অপরাধ দমনে আইনের প্রয়োজন রয়েছে। তবে সরকারের সমালোচনা আর অপরাধকে এক করে দেখা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা থাকবেই। প্রস্তাবিত আইনে কোনো ব্যক্তির অপরাধের দায়ে সংবাদমাধ্যম বন্ধের সুযোগ রাখা এবং সাংবাদিকদের বিচারে ভ্রাম্যমাণ আদালতকে দায়িত্ব দেওয়ার তীব্র বিরোধিতা করেন তিনি। এছাড়া রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় নেতাদের নির্দেশে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ‘ভুল তথ্য’ বিষয়টি সুস্পষ্ট না হলে যেকোনো সংবাদকেই উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত করার ঝুঁকি থাকে বলে তিনি মন্তব্য করেন।

আইনটি চূড়ান্ত করার আগে জেলা পর্যায়ে আলোচনা এবং কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন নোয়াব সভাপতি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, অনলাইন এডিটর্স ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ।