ডেইলি বাংলাগ্রাম

অর্থ পাচার ও অবৈধ সম্পদের মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।

অর্থ পাচার ও অবৈধ সম্পদের মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেন। তবে ঠিক কোন কর্তৃপক্ষ কখন এবং কীভাবে তাঁকে আটক করেছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এজাহারে হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। এছাড়া তাঁর স্ত্রী তাহমিদার নামে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। পাশাপাশি কাতার, দুবাই ও কানাডায় তাঁদের বিপুল সম্পদের সন্ধান পাওয়ার কথা জানায় সংস্থাটি।

অনুসন্ধান চলাকালে ২০২৫ সালের ৫ মে হান্নান, তাঁর স্ত্রী এবং ছেলে শেখ লাবিব হান্নানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। পরবর্তীতে বিভিন্ন দফায় তাঁদের জমি, বাড়ি, ফ্ল্যাট ও ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে হান্নানের সহযোগী সানজিদা আক্তারের সম্পদ এবং সর্বশেষ চলতি বছরের ২০ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়ায় হান্নানের ৩৪ শতাংশ জমিও ক্রোক করা হয়। শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।