ডেইলি বাংলাগ্রাম

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হচ্ছেন ইসহাক সরকার ও তারেক আদেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ ইসহাক সরকার ও তারেক এ. আদেল।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হচ্ছেন ইসহাক সরকার ও তারেক আদেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ ইসহাক সরকার ও তারেক এ. আদেল। দলটির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সম্মতির পর যেকোনো সময় এই কমিটি প্রকাশ করা হতে পারে। নতুন দায়িত্ব পাওয়া ইসহাক সরকার পূর্বে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে রয়েছেন। অন্যদিকে তারেক আহমেদ আদেল একই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

এনসিপির নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদে থাকছেন মোট ১৬ জন সদস্য। এই পর্ষদে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম রয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে থাকছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু এবং নুসরাত তাবাসসুম।

পর্ষদের সদস্যরা বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটির শীর্ষ পদে বসছেন। এর মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও ১১ দলীয় ঐক্যের দায়িত্বে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসিফ মাহমুদ সামলাবেন আন্তর্জাতিক সম্পর্ক এবং সারোয়ার তুষারকে মিডিয়া উপকমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে। অর্থ ও বাণিজ্যে আব্দুল্লাহ আল আমিন, গবেষণায় সালেহ উদ্দিন সিফাত, নারীদের বিষয়ে মাহমুদা মিতু এবং জুলাই গণহত্যার বিচারসহ সংশ্লিষ্ট সংগঠনের যোগাযোগের প্রধান হচ্ছেন নুসরাত তাবাসসুম। সারজিস আলমের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটিতে থাকবেন ১০ জন বিভাগীয় সাংগঠনিক ও ১০ জন সহসাংগঠনিক সম্পাদক। এ ছাড়া এনসিপিতে ৩০ থেকে ৩৫টি বিশেষায়িত সেল কাজ করবে।