ডেইলি বাংলাগ্রাম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৭০ নেত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে লড়তে বিএনপির ৭০ জন নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৭০ নেত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে লড়তে বিএনপির ৭০ জন নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে তারা এসব ফরম নেন। শনিবার (১৭ অক্টোবর) নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা ফরম জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ১ অক্টোবর পদত্যাগ করেন তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী ছাড়াও তৃণমূলের সংগঠকেরা রয়েছেন। ফরম নেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু, আয়শা সিদ্দিকা মনি, সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খান। তালিকায় আরও আছেন মহিলা দলের শাহিনুর নার্গিস, খন্দকার ফারহানা আতিকা, রুনা লায়লা, মাসুদা আফরোজ হক, স্বেচ্ছাসেবক দলের শাহিনুর বেগম, জ্যেষ্ঠ নেত্রী জেলী চৌধুরী, বরিশালের আফরোজা খানম, দিনাজপুরের হাসনাহেনা হীরা, চট্টগ্রামের দেওয়ান মাহমুদা আক্তার, সৈয়দা আদিবা হোসেন ও ছাত্রদলের রেহানা আক্তার শিরিন।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এরপর ২৭ অক্টোবর বাছাই সম্পন্ন হবে এবং ১ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আসনটি বিএনপির জন্য বরাদ্দ থাকায় দলের মনোনীত একক প্রার্থীই শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন। আবেদনকারী নেত্রীদের প্রত্যাশা, অতীতে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও দলের প্রতি ত্যাগ মূল্যায়ন করে বিএনপি নেতৃত্ব তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেবে।