মিরপুর কেন্দ্রীয় মন্দির কমিটির সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে দিনব্যাপী জনসংযোগের অংশ হিসেবে তিনি এই বৈঠকে মিলিত হন। এ সময় এলাকায় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মন্দির পরিদর্শনের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটি এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সঙ্গেও আলোচনা করেন। এছাড়া তিনি ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তি ও বাড়ির মালিকদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক এবং ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন। এ ছাড়া কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশ নেন।