স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছিল: রুহুল কবির রিজভী
বিগত ১৬-১৭ বছরে স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব এবং সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ১৬-১৭ বছরে স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব এবং সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এ সময়ে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার নানা অপচেষ্টা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘কালচার ফর ইউনিটি বাংলাদেশ’ আয়োজিত লালন তিরোধান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে বিগত সরকার বিনাবাধায় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনসহ নানা পদক্ষেপের মাধ্যমে সার্বভৌমত্বের ক্ষতি করেছে। রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের পানি ও সার্বভৌমত্ব নিয়ে লেখার কারণেই তাকে হত্যা করা হয়। এছাড়া সাম্প্রতিক গণআন্দোলনকে জনগণের শক্তির বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তিনি এটিকে ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতার মতো মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন।
দীর্ঘ প্রায় ৩৮ বছর পর টিএসসির কোনো অনুষ্ঠানে এসে তরুণদের দেশপ্রেম দেখে রিজভী মুগ্ধতা প্রকাশ করেন। তিনি লালন শাহের মানবতাবাদী দর্শনকে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় ভিত্তি হিসেবে তুলে ধরেন। সংগঠনের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আব্দুস সালাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।