ডেইলি বাংলাগ্রাম

ইশরাকের অস্ত্র হাতে অভিযানের ঘটনা তদন্তে পুলিশ

রাজধানীর দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ইশরাকের অস্ত্র হাতে অভিযানের ঘটনা তদন্তে পুলিশ

রাজধানীর দয়াগঞ্জে মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন, তদন্তে আইনের কোনো লঙ্ঘন পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার বিকেলে ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই অভিযানের একটি ভিডিও পোস্ট করা হয়। এরপরই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, গেণ্ডারিয়া রেলস্টেশন এলাকায় প্রতিমন্ত্রী নিজে এবং তার ব্যক্তিগত দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলু অস্ত্র হাতে রয়েছেন। পাশাপাশি এক সরকারি দেহরক্ষীকেও অস্ত্র তাক করতে দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই প্রতিমন্ত্রীর অস্ত্র ব্যবহার ও প্রদর্শনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবিধান বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মন্ত্রীরা মাঠপর্যায়ে সরাসরি পুলিশি অভিযান পরিচালনা করতে পারেন না। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের আগ্নেয়াস্ত্র ব্যবহার নীতিমালা অনুযায়ী, বৈধ অস্ত্র প্রকাশ্যে এনে কাউকে ভীতি প্রদর্শন বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ। ফলে অপরাধী ধরার নামে ব্যক্তিগত অস্ত্রের এমন প্রদর্শন প্রচলিত আইনের পরিপন্থি।