ডেইলি বাংলাগ্রাম

কওমি দলগুলোর নতুন জোটকে স্বাগত জানানোর বার্তা জামায়াতের

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি অঙ্গনের সাতটি ইসলামি দল নিয়ে নতুন একটি ঐক্য গঠনের উদ্যোগ চলছে।

কওমি দলগুলোর নতুন জোটকে স্বাগত জানানোর বার্তা জামায়াতের

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি অঙ্গনের সাতটি ইসলামি দল নিয়ে নতুন একটি ঐক্য গঠনের উদ্যোগ চলছে। এই উদ্যোগে রাখা হয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। তবে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি। তারা জানিয়েছে, কওমি দলগুলোর এমন কোনো মোর্চা বা প্ল্যাটফর্ম তৈরি হলে সেটিকে তারা স্বাগত জানাবে। সংসদ নির্বাচনের পর জামায়াতসহ গঠিত ১১ দলীয় জোট এখন স্থায়ী রাজনৈতিক রূপ নিয়েছে। এর মধ্যেই শুরু হলো সাত দলের এই স্বতন্ত্র ঐক্য প্রক্রিয়া। জামায়াতের সঙ্গে থাকা দুটি দলও নতুন এই উদ্যোগে অংশ নিয়েছে।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের বলয়ে না গিয়ে কওমি অঙ্গনের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতেই এই আয়োজন। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ জানান, এটি রাজনৈতিক কোনো বিরোধ নয়। মূলত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদাগত পার্থক্যের কারণেই জামায়াতকে বাইরে রাখা হয়েছে। এর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, আকিদা নিয়ে তাদের কোনো সংশয় নেই এবং তাদের অবস্থান স্পষ্ট। জামায়াত কখনো অন্য ইসলামি দলের বিরোধিতায় যায় না। তারা জনগণের পাশে থেকে কাজ করছেন এবং ইসলামি দলগুলোর যেকোনো ঐক্যপ্রক্রিয়াকে সমর্থন করবেন।

তবে সাত দলের এই ঐক্য প্রক্রিয়ার রাজনৈতিক গতিপথ নিয়ে দলগুলোর ভেতরে ভিন্নমত দেখা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, অন্য বড় দলের প্রভাব থেকে সম্পূর্ণ বেরিয়ে না এলে এই ঐক্যের কোনো সুফল মিলবে না। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ বলেন, ধর্মীয় ও জাতীয় নানা দাবিতে সবাই এক হয়ে রাজপথে নামতে পারে। তবে নির্বাচনি বা রাজনৈতিক সমঝোতার বিষয়টি প্রতিটি দলের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত।