জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা হওয়া তরুণদের সরকারি অর্থায়নে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো হবে।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা হওয়া তরুণদের সরকারি অর্থায়নে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো হবে। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এ কথা জানান। তরুণদের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে আগামী বছর থেকেই এই উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মাহ্দী আমিন জানান, দেশজুড়ে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। চূড়ান্তভাবে নির্বাচিত সেরা তরুণরা বিশ্বমঞ্চে লাল-সবুজ পতাকার প্রতিনিধিত্ব করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, বিতর্ক এবং কুইজসহ সব ধরনের প্রতিযোগিতায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা বজায় থাকবে।
অনুষ্ঠানে মাহ্দী আমিন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা স্মরণ করেন। রাষ্ট্র পরিচালনায় ও নীতি নির্ধারণে তরুণদের চিন্তাভাবনাকে যুক্ত করার ওপর তিনি গুরুত্ব দেন। ‘ফিউচার বাংলাদেশ’ আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।