সমাজে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে, সংকট এখন দ্বিগুণ: জামায়াত আমির
দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি এবং সমাজে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি এবং সমাজে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত নির্বাচনের আগে একটি দল সমস্যা সমাধানের কথা বললেও বর্তমানে তা দ্বিগুণ আকার ধারণ করেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টঙ্গীর শহিদ আব্দুল মালেক মিলনায়তনে গাজীপুর মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০২৪ সালে জামায়াত ও তরুণ প্রজন্মের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত এবং ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ। অথচ এখনও আগের সরকারের মতো শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কাজে ভাগ বসানো হচ্ছে। এ সময় তিনি রুকনদের আত্মশুদ্ধি অর্জন ও সমাজে মানুষের সঙ্গে ভালো আচরণের আহ্বান জানান। শুধু তলোয়ারের মাধ্যমে ইসলাম কায়েম হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাসুলের উত্তম আচরণে মুগ্ধ হয়ে বিদায়ী হজে এক লাখ ২০ হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ডক্টর খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান এবং জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে গাজীপুর মহানগর জেলা মহিলা সেক্রেটারি আমেনা বেগম, নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক ও সহকারী সেক্রেটারি আফজাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।