ডেইলি বাংলাগ্রাম

কারিগরি শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক

চীনের তিয়ানজিনে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

কারিগরি শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক

চীনের তিয়ানজিনে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ‘২০২৬ ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স’-এর ফাঁকে এই বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অন্যদিকে চীনা দলের নেতৃত্বে ছিলেন দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইয়ৌছুন।

বৈঠকে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য টেকসই কাজের ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বাংলাদেশে চীনা মানসম্পন্ন ডিপ্লোমা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং কারিগরি প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম চালুর আহ্বান জানান। এছাড়া সব কারিগরি কলেজে চীনা ভাষা ও দক্ষতা উন্নয়ন কোর্স এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা ভাষা কেন্দ্র চালুর প্রস্তাব দেন তিনি। চীনের উপমন্ত্রী এসব প্রস্তাব সমর্থন করে কারিগরি শিক্ষার সংস্কার ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আলোচনায় দুই দেশ শিক্ষা সংশ্লিষ্ট ৯টি নির্দিষ্ট ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে যৌথ টিভিইটি দল গঠন, আধুনিক সুবিধাসম্পন্ন মডেল টিভিইটি কলেজ স্থাপন, বিদ্যমান প্রতিষ্ঠানের মান মূল্যায়ন এবং শিক্ষক বিনিময় কর্মসূচি চালু করা। একই সঙ্গে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়, যৌথ গবেষণা এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির জন্য তদারকি ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়। বৈঠকে চীনের বিভিন্ন শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সবাই এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।