খাদ্য মন্ত্রণালয়ের ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। এসব পদে আউটসোর্সিং বন্ধ করে দ্রুত নিয়মিত নিয়োগের মাধ্যমে পদগুলো পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও কৃষিজমি রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, খাদ্যে ভেজাল বন্ধে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব পর্যায়ে কড়া নজরদারি চলছে। এজন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিটি কার্যালয়ে মিনি ল্যাবরেটরি বসানো এবং ভ্রাম্যমাণ ভ্যান চালুর কাজ চলছে। একই সঙ্গে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে নতুন নীতিমালা তৈরির কাজও চলমান রয়েছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে কৃষিজমির অননুমোদিত ব্যবহার তদারকি করা হচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
কমিটির সভাপতি খাদ্য বিতরণে সঠিক উপকারভোগী নির্বাচনে ডিজিটাল পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সদস্য আবুল কালাম, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম, শামছুন্নাহার বেগম এবং খাদ্য সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।