ডেইলি বাংলাগ্রাম

সাতক্ষীরায় ফেসবুকে লাইভ করে যুবককে দফায় দফায় পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক ব্যক্তিকে দফায় দফায় মারধর করে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরায় ফেসবুকে লাইভ করে যুবককে দফায় দফায় পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক ব্যক্তিকে দফায় দফায় মারধর করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) চালিয়ে লোক জড়ো করে এই হামলা চালানো হয়। এমনকি পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও হামলাকারীরা ভেতরে ঢুকে মারধর করে। পরে সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, গত সোমবার শামীম ও তাঁর স্ত্রীর একটি পারিবারিক কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। এরপর শামীম বিষপান করলে তাঁকে স্থানীয় এক চিকিৎসকের চেম্বারে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি ফেসবুক থেকে দুই দফা লাইভ করে লোকজনকে সেখানে আসার উসকানি দেন। একপর্যায়ে শত শত মানুষ সেখানে গিয়ে শামীমকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে আবার মারধর করে। পরিবারের দাবি, নিহত শামীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা করেছেন। মামলায় ফজলুল হকসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিশ্লেষণ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রধান অভিযুক্তকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।