দেবহাটায় শামীমের মৃত্যু: তদন্তের আগেই জামায়াতকে জড়ানো অগ্রহণযোগ্য বললেন পরওয়ার
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, শামীমের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। জামায়াতে ইসলামী দেশে আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে শাস্তি দেওয়ার বিষয়টিকে দল সমর্থন করে না। তিনি সতর্ক করে বলেন, সঠিক প্রমাণ ছাড়া কোনো দলকে দায়ী করা হলে আসল ঘটনা আড়াল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
পরওয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। এ ছাড়া সঠিক তথ্য যাচাই না করে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ ছড়ানো থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।