আদালত চত্বরে স্লোগান: সেলিনা হায়াৎ আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জ আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন আতিকুল ইসলাম ও মাহবুবুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) ফতুল্লা মডেল থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে পাঠিয়ে প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তুহিন হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে পুনরায় জামিন পান সাবেক মেয়র আইভী। আদালত এলাকা ছেড়ে গাড়িতে ওঠার সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দেন। সে সময় তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন স্লোগানে অংশ নেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।