ডেইলি বাংলাগ্রাম

ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল ও বিএনপি নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সারের ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে।

ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল ও বিএনপি নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সারের ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘোষিত ডিলারদের তালিকায় জাতীয়তাবাদী ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা এবং ইউনিয়ন বিএনপির একাধিক নেতার নাম এসেছে। এমনকি তাদের পূর্বে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, তেলিখালী ইউনিয়নে ডিলার হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল (আজাদী করপোরেশন)। ইকড়ি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাওলাদার (হাওলাদার ট্রেডার্স) এবং ভিটাবাড়িয়া ইউনিয়নে আরেক ইউনিয়ন বিএনপি নেতা মো. আল আমীন (মেসার্স মাইশা এন্টারপ্রাইজ) ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া ধাওয়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান (মেসার্স একতা স্টোর), গৌরীপুরে নাছির হাওলাদার (নাসির ট্রেডার্স) এবং পৌর এলাকায় মোস্তফা কামাল (মেসার্স আরমান এন্টারপ্রাইজ) অনুমোদন পেয়েছেন। এই এলাকাগুলোতে ডিলার হতে মোট ৩৪টি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রতি এলাকার জন্য তিনজনের নাম সুপারিশ করে জেলা কমিটিতে পাঠানো হয়েছিল।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ডিলার নিয়োগে সরকারি বিধিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী সুপারিশ পাঠানো হয়েছিল। সেখানে দলীয় পরিচয় দেখার সুযোগ ছিল না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার জানান, জেলা কমিটির পর্যালোচনার পর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সেখান থেকেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই সম্পন্ন হয়েছে।