ধর্মঘট প্রত্যাহার না করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী স্পষ্ট জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অযৌক্তিক ধর্মঘট ডাকলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে জ্বালানিমন্ত্রী উল্লেখ করেন, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর দামও অস্থিতিশীল। বর্তমানে জ্বালানি আমদানির প্রধান উৎস হিসেবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, অন্যান্য উৎসগুলো নির্ভরযোগ্য নয়। এমন কঠিন পরিস্থিতিতেও সরকার সাধারণ ভোক্তার জন্য জ্বালানির দাম নাগালের মধ্যে রাখতে কাজ করছে। তাই কথায় কথায় ধর্মঘটের ডাক দিয়ে পণ্যের দাম বৃদ্ধির যেকোনো অপচেষ্টা সরকার কোনোভাবেই মেনে নেবে না।
জনগণের ভোগান্তি কমাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী ব্যবসায়ীদের ধর্মঘটের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো খতিয়ে দেখে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে চলতি মাসেই তাদের সঙ্গে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।