চুয়েট উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে হাসনাত আবদুল্লাহর তোপ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যকে ‘গুন্ডা’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যকে ‘গুন্ডা’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, শিক্ষক ও শিক্ষার্থীরা এই উপাচার্যকে পদে দেখতে চান না। তিনি ছাত্রদলের কিছু নেতাকর্মীর সহায়তায় জোর করে চেয়ারে বসেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, চুয়েট উপাচার্য এতদিন সার্কিট হাউসে থেকে অনলাইনে দায়িত্ব পালন করেছেন। পরে বলপ্রয়োগ করে নিজের অবস্থান নিশ্চিত করেন। এ সময় সমাজে চলা অনিয়ম ও স্বজনপ্রীতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সন্তান ও আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমন প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে বিধবা কিংবা বেকার ভাতাও তাদের পরিবারের লোকজন নেবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মের মেধার ওপর ভর করে রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার। এ ছাড়া মহানগর ছাত্রশক্তি ও এনসিপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।