সাময়িক যুদ্ধবিরতি নাকচ করে দীর্ঘমেয়াদি শান্তি চায় রাশিয়া
ইউক্রেনের সঙ্গে কোনো ধরনের অস্থায়ী বা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের সঙ্গে কোনো ধরনের অস্থায়ী বা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো কেবল দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি চায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বারবার স্পষ্ট করেছেন যে তারা কোনো সাময়িক বিরতি চান না। স্থায়ী শান্তি অর্জনে রাশিয়া সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।
পেসকভের এই মন্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি বাতিল হয়ে গেল। দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে গত রবিবার জেলেনস্কি এই প্রস্তাবটি তুলে ধরেছিলেন। তবে এর আগেও দুই পক্ষের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া লঙ্ঘন করেছিল বলে অভিযোগ করেছিল কিয়েভ।
অন্যদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত তথাকথিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেসকভ। তিনি কেবল বলেন, এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর মতো তথ্য পেলেই তা গণমাধ্যমকে জানানো হবে।