ডেইলি বাংলাগ্রাম

সুদানে ড্রোন হামলায় হাসপাতাল ধ্বংস, দুই স্বাস্থ্যকর্মী আহত

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নীল অঙ্গরাজ্যে একটি ড্রোন হামলায় একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।

সুদানে ড্রোন হামলায় হাসপাতাল ধ্বংস, দুই স্বাস্থ্যকর্মী আহত

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নীল অঙ্গরাজ্যে একটি ড্রোন হামলায় একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এতে সেখানে কর্মরত দুইজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন। গত রবিবারের এই হামলার জন্য দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হয়েছে।

হামলাটি ওয়াদ আল-মাহি এলাকার উম দারফা হাসপাতালে চালানো হয়। আঘাতের কারণে চিকিৎসাকেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে স্থানীয় বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঘটনার পর হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তায় জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রে ধারাবাহিক হামলার কারণে সুদানের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে বলে সতর্ক করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে, এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।