পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ১১ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ফিলিস্তিন তথ্য কেন্দ্রের (মোতা) এক প্রতিবেদনে জানানো হয়, এসব অভিযানে ২,১৪৩টি ঘরবাড়ি এবং ৯,৪৭৭টি বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার প্রকাশিত ওই তথ্যে দেখা যায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো এই সামরিক হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের ৪ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেনিন, তুলকারম এবং নুর শামস শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের নিজ এলাকায় ফেরার ওপর এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। সেখানে শত শত আবাসিক ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও জরুরি সেবামূলক কাঠামোর ব্যাপক ক্ষতি করা হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এসব শিবির থেকে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে পরিকল্পিতভাবে উচ্ছেদ করা হয়েছে। এই ঘটনা জোরপূর্বক স্থানান্তরের মতো মানবতাবিরোধী অপরাধের গুরুতর আশঙ্কা তৈরি করেছে। ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসের কারণে স্থানীয় বাসিন্দারা নিজেদের আবাসে ফিরতে পারছেন না এবং তাঁদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।