জি এম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সোমবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেন। তারা জি এম কাদেরের বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন এবং তার বিচার চান। মিছিলে আনা ব্যানারে বন্দি অবস্থায় তার প্রতিকৃতি তুলে ধরা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গণ-অভ্যুত্থানে বহু মানুষের প্রাণের বিনিময়ে পরিবর্তন আসার পরও জাতীয় পার্টির শীর্ষ নেতারা এখনো ভারতে থাকা শেখ হাসিনা ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন।
বিক্ষোভকারীরা উল্লেখ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছিল। নতুন দেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেন। অনতিবিলম্বে জি এম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য তারা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।