ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটগ্রহণ, ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ
ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে।
ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দেশটিতে ৪৪ দশমিক ৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৯৭৩ সালের পর একই সময়ের হিসাবে এটিই সর্বোচ্চ ভোটদানের হার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশব্যাপী ৩২ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক দিন লিবনেহ জানিয়েছেন, ১৯৭৩ সালের পর অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২৩ লাখ ৯০ হাজার মানুষ ভোট দেন, যা আগের নির্বাচনের তুলনায় ৩ শতাংশের বেশি। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, আরব ভোটার এবং বামপন্থীদের শক্ত ঘাঁটিগুলোতে ব্যাপক উপস্থিতির কারণেই ভোটের হার এত বেড়েছে।
১২০ আসনের পার্লামেন্ট বা নেসেট নির্বাচনে মোট ৭৩ লাখের বেশি নাগরিক ভোট দেওয়ার যোগ্য। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয় এবং রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর দেশটিতে এটিই প্রথম সাধারণ নির্বাচন।