ডেইলি বাংলাগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী ও তাদের মদদপুষ্ট বন্দুকধারীদের পৃথক হামলায় সাত বছর বয়সী এক মেয়েশিশুসহ অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী ও তাদের মদদপুষ্ট বন্দুকধারীদের পৃথক হামলায় সাত বছর বয়সী এক মেয়েশিশুসহ অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবারের এই হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বীর ১৯ এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে তাঁবুর ভেতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শিশুটি প্রাণ হারায় এবং সেখানে আরও দুজন নিহত হন।

খান ইউনিসের পূর্বাঞ্চলেও ব্যাপক কামান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। একই দিন গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহর পূর্বাংশে ইসরায়েলি সাঁজোয়া যানের উপস্থিতি এবং গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হন। এছাড়া উত্তর গাজা শহরের পূর্বাংশ এবং শুজাইয়া ও তুফফাহ এলাকার কাছেও গোলাবর্ষণ করা হয়। প্রথম ধাপের যুদ্ধবিরতি অনুযায়ী নির্ধারিত ‘ইয়েলো লাইন’ বা সেনা প্রত্যাহার সীমানার পেছন থেকে ইসরায়েলি ট্যাংকগুলো এসব আক্রমণ চালায়।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় অন্তত ১ হাজার ৫৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দীর্ঘ এই সংঘাতে উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।