ইমরান খানের তিন বোনের মুক্তির আবেদন নিষ্পত্তি করল লাহোর হাইকোর্ট
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনের আটকাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে পাঞ্জাব সরকার।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনের আটকাদেশের মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে পাঞ্জাব সরকার। এই তথ্য জানানোর পর তাঁদের মুক্তির জন্য করা একটি আবেদন নিষ্পত্তি করেছেন লাহোর হাইকোর্ট। সোমবার বিচারপতি আবহের গুল খানের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। পাঞ্জাবের সহকারী অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, লাহোরের ডেপুটি কমিশনারের সুপারিশের ভিত্তিতে আলিমা খান, ডা. উজমা খান ও নওরীন নিয়াজির আটকাদেশ বৃদ্ধি করা হয়েছে।
পিটিআইয়ের ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশ ১৯৬০-এর ৩ ধারায় তাঁদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছিল। এর মধ্যে ২০ সেপ্টেম্বর আলিমা এবং পরদিন উজমা ও নওরীনকে আটক করে কোট লাখপত কারাগারে রাখা হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তাঁদের আটক রাখাকে বেআইনি দাবি করে আলিমার ছেলে শাহরেজ হাইকোর্টে আবেদন করেন। তিনি উল্লেখ করেন, ১৯ ও ২০ অক্টোবর প্রাথমিক মেয়াদের পর তাঁদের আটকে রাখার কোনো বৈধ কারণ নেই এবং তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী রানা মুদাসসর উমর ওই তিন নারীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়ার আর্জি জানান। তবে আদালতকে জানানো হয়, স্বরাষ্ট্র সচিবের দাখিল করা প্রতিবেদন অনুযায়ী গত ৭ অক্টোবর আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছিল। বিচারপতি আবহের গুল খান পর্যবেক্ষণ করে বলেন, ডেপুটি কমিশনার আটকের নির্দেশ দিলেও আবেদনে তাঁকে বিবাদী করা হয়নি। আবেদনের আওতার বাইরে আদালত কোনো নির্দেশ দিতে পারেন না উল্লেখ করে স্বরাষ্ট্র সচিবের প্রতিবেদনের আলোকে আদালত আবেদনটি নিষ্পত্তি করেন।