আঞ্চলিক সংকট নিরসনে তেহরান সফরে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ প্রতিনিধি দল
আঞ্চলিক উত্তেজনা নিরসনের লক্ষ্যে সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা।
আঞ্চলিক উত্তেজনা নিরসনের লক্ষ্যে সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর সদস্যভুক্ত এই তিন দেশের প্রতিনিধিদলে রয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তেহরানে তাঁরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাব এবং ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি তাঁদের আলোচনার প্রধান তালিকায় রয়েছে। সৌদি আরবের উপমন্ত্রী রায়েদ ক্রিমলি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
গত আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ইরানের সঙ্গে এই জোটের নেতাদের এটিই প্রথম যৌথ বৈঠক। গত ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সংঘাত চলছে। এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণা হলেও কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বজায় রয়েছে। সম্প্রতি হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা এবং সৌদি আরবের সঙ্গে তাদের নতুন করে লড়াই শুরু হওয়ায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।