ডেইলি বাংলাগ্রাম

হেবরনে ইসরায়েলি সামরিক অভিযানে ২,৬৭০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে ২ হাজার ৬৭০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

হেবরনে ইসরায়েলি সামরিক অভিযানে ২,৬৭০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে ২ হাজার ৬৭০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রোববার এই তথ্য জানিয়েছে। শহরের কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, স্থানীয় পৌরসভার হিসাব অনুযায়ী জোরপূর্বক উচ্ছেদ হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

গত শুক্রবারের হামলার ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে বড় ধরনের অভিযানের ঘোষণা দেন। এরপর ইসরায়েলি সেনারা হেবরনের আইন দেইর বাহা এলাকায় প্রবেশ করে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। অভিযুক্ত হামলাকারীরা ওই এলাকায় বসবাস করত। রোববার হেবরনের বিভিন্ন রাস্তায় ইসরায়েলি সামরিক ও পুলিশ বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায় এবং সাধারণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অভিযান চলাকালে ইসরায়েলি সেনাদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী হিগাজি আল-তামিমি। উচ্ছেদ হওয়া এলাকার এই বাসিন্দা নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে হামলার শিকার হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, সেনারা তার পা, বুক, কাঁধ ও মাথায় আঘাত করে। এরপর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তিনি কোনোমতে নিরাপদ স্থানে পৌঁছান।