ডেইলি বাংলাগ্রাম

জর্ডানে গির্জায় হামলা: তিন সন্দেহভাজন গ্রেপ্তার

জর্ডানে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জর্ডানে গির্জায় হামলা: তিন সন্দেহভাজন গ্রেপ্তার

জর্ডানে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শুক্রবারের ওই হামলায় নয়জন নিহত ও ৪০ জন আহত হন। সোমবার কারাক অঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই সন্দেহভাজনদের আটক করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজনরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে সংঘর্ষ বাধে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তিনজনই আহত হন এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ আহত হননি। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার রাজধানী আম্মান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে কয়েক মিনিট ধরে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ হামলাটিকে চরমপন্থী সন্ত্রাসীদের কাজ বলে আখ্যায়িত করেছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি এবং তাদের নির্দিষ্ট কোনো সংগঠনের সঙ্গে যোগসূত্রও নিশ্চিত হওয়া যায়নি। বাদশাহ আবদুল্লাহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়েহ জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।