ডেইলি বাংলাগ্রাম

৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নাটকীয় জয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট বামপন্থী লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নাটকীয় জয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট বামপন্থী লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববারের এই জয়ে তিনি নজিরবিহীনভাবে চতুর্থবারের মতো দেশটির রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন। সরকারি ফলাফল অনুযায়ী, লুলা পেয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ভোট। প্রায় ৪৪ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হলেও ফ্লাভিও এই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি নির্বাচন বাতিলের দাবি জানানোর ঘোষণা দিয়েছেন।

ভোটগ্রহণের দিন আদালতের এক সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি হয়। কিছু ভোটকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সময়সীমা আরও দুই ঘণ্টা বাড়িয়ে দেন। ভোটারদের যাতায়াত ব্যাহত করতে বিভিন্ন শহরে বাস চলাচল বন্ধের অভিযোগ তুলে সময় বাড়ানোর আবেদন করেছিলেন লুলা। ভারী বৃষ্টির কারণে ফ্লাভিও নির্দিষ্ট কিছু এলাকায় সময় বাড়ানোর অনুরোধ জানালেও আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তকে ‘নোংরা কৌশল’ আখ্যা দেন। ফ্লাভিও হলেন সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ছেলে। ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে অভ্যুত্থানচেষ্টার অভিযোগে বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন জেইর বোলসোনারো।

ব্রাজিলে ১৯৮৯ সালের পর প্রথম দফায় পিছিয়ে থেকেও দ্বিতীয় দফায় নির্বাচনে জয়ী হওয়া একমাত্র প্রার্থী হলেন লুলা। এই বিজয়ের মাধ্যমে তিনি লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়া কট্টর ডানপন্থী ধারা প্রতিহত করলেন। মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া এই নেতা ২০৩০ সালে মেয়াদ শেষে ৮৫ বছরে পৌঁছাবেন। তবে মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট এবং ডানপন্থীদের নিয়ন্ত্রণে থাকা আইনসভার কারণে বিভক্ত একটি দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁকে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।