ডেইলি বাংলাগ্রাম

ব্রাজিলের নির্বাচনের ফল মানতে নারাজ ফ্লাভিও বলসোনারো, ভোট বাতিলের আবেদন করার ঘোষণা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেওয়া অসম্ভব বলে জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।

ব্রাজিলের নির্বাচনের ফল মানতে নারাজ ফ্লাভিও বলসোনারো, ভোট বাতিলের আবেদন করার ঘোষণা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেওয়া অসম্ভব বলে জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। বামপন্থী নেতা লুলার বিজয়ের পর তিনি জানান, এই নির্বাচন বাতিলের জন্য তাঁর আইনি দল আদালতে আবেদন করবে।

সিনেটর ফ্লাভিও তাঁর বাবা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পথই অনুসরণ করছেন। চার বছর আগে জাইর বলসোনারোও লুলার কাছে পরাজয় মানেননি এবং পরবর্তীতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দণ্ডিত হন। সুপ্রিম কোর্টের এক বিচারপতির ভোটগ্রহণের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে ফল না মানার কারণ হিসেবে দেখিয়েছেন ফ্লাভিও। আদালতের বিচারপতি ক্রিস্তিয়ানো জানিন ভোটগ্রহণের সময় বিকেল ৫টা থেকে বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করেন। এই সিদ্ধান্তকে অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য দাবি করে ফ্লাভিও অভিযোগ করেন, জানিন পূর্বে লুলার আইনজীবী ছিলেন এবং লুলাই তাঁকে আদালতে নিয়োগ দিয়েছিলেন। ফলে এটি খেলার মাঝে নিয়ম পরিবর্তনের মতো ঘটনা।

ভোটকেন্দ্র বন্ধের নির্ধারিত সময় বিকেল ৫টা বাজার কয়েক মিনিট পর সময় বাড়ানোর আদেশটি আসে। লুলার শিবিরের আবেদনের ওপর আরেক বিচারপতি কাসিও নুনেস মার্কেস দীর্ঘ সময় কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ওই আদেশ দেওয়া হয়েছিল। মার্কেস জাইর বলসোনারোর মাধ্যমেই নিয়োগ পেয়েছিলেন এবং তিনি বর্তমানে নির্বাচনী আদালতের প্রধান। প্রচারণার সময় তাঁর বিরুদ্ধে কট্টর ডানপন্থীদের পক্ষ নেওয়ার সমালোচনাও হয়েছিল। তবে নির্বাচনের দিন বলসোনারোর দল থেকেও ভোটগ্রহণের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছিল।