নর্মদা নদীর তীরে মিলল ৩৪৩টি ভোটার কার্ড, কংগ্রেসের তদন্তের দাবি
মধ্যপ্রদেশের খারগোন জেলার মণ্ডলেশ্বর শহরে নর্মদা নদীর তীর থেকে রবিবার, ২৫ অক্টোবর পরিত্যক্ত অবস্থায় ৩৪৩টি ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
মধ্যপ্রদেশের খারগোন জেলার মণ্ডলেশ্বর শহরে নর্মদা নদীর তীর থেকে রবিবার, ২৫ অক্টোবর পরিত্যক্ত অবস্থায় ৩৪৩টি ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কার্ডগুলোতে পাশের ইন্দোর জেলার রাউ বিধানসভা এলাকার ভোটারদের নাম রয়েছে। এগুলোর মধ্যে ইন্দোরের তিলক নগর ও আস্থা প্যালেস এলাকার ঠিকানাও পাওয়া গেছে। ইন্দোর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে এই বিপুল সংখ্যক পরিচয়পত্র উদ্ধারের ঘটনায় কংগ্রেস নিরপেক্ষ তদন্ত ও এফআইআর দায়েরের দাবি তুলেছে।
'নিস্বার্থ সেবা সমিতি' নামের একটি সামাজিক সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের সময় কর্মীরা নদীর তীরে এই কার্ডগুলো দেখতে পান। খবর পেয়ে রাজস্ব বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো বাজেয়াপ্ত করে। এই ঘটনার পর খারগোন জেলা কংগ্রেস সভাপতি রবি নায়েক দলীয় কর্মীদের নিয়ে মণ্ডলেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি জানান। কংগ্রেস আরও কার্ডের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর দাবি করেছে। এছাড়া সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেত্রী বিজয়লক্ষ্মী সাধো উদ্ধার হওয়া কার্ডের ভিডিও প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন।
মণ্ডলেশ্বরের মহকুমা পুলিশ কর্মকর্তা শ্বেতা শুক্লা জানিয়েছেন, রাজস্ব বিভাগ কার্ডগুলো জব্দ করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করতে থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগটিও পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। অন্য একটি জেলার ভোটার পরিচয়পত্র কীভাবে নদীর তীরে এসে পৌঁছাল, তা খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে।